সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১০:০৯ এএম
লক্ষ্মীপুরের রামগতিতে জামায়াতে ইসলামীর দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার সন্ধ্যায় রামগতি পৌরসভার এক নম্বর ওয়ার্ড বিএনপির তৃণমূল সম্মেলনে তারা দলটিতে শামিল হন। রামগতি পৌরসভার সাবেক মেয়র সাহেদ আলী পটু তাঁদের বরণ করে নেন।
স্থানীয় সূত্র জানায়, রামগতি পৌরসভার এক নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক হাসান উদ্দিন রাসেলের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী এ দলবদলে অংশ নেন। যোগদানকারী উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন জামায়াতের ইউনিট সভাপতি মাস্টার আজিজুল হক চৌধুরী, মো. ইসমাইল, নুরুল আমিন, মো. বেলাল, আ. করিম, আবুল কালাম, হাফিজ উল্লাহ, ইউনুছ, মো. হোসেন, সেলামত মিয়া, ইউছুফ ও মো. জবিউল্লাহ। তারা দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির পতাকা তলে সমবেত হন।
যোগদানের বিষয়টি নিশ্চিত করে সাবেক জামায়াত নেতা হাসান উদ্দিন রাসেল জানান, তিনি দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং বর্তমান কমিটির ওয়ার্ড সম্পাদকের দায়িত্বে ছিলেন। এলাকার সাধারণ মানুষের অধিকার আদায়ে ভূমিকা রাখতে কর্মী, সদস্য ও সমর্থক মিলিয়ে দুই শতাধিক নেতাকর্মী নিয়ে তারা বিএনপিতে যোগ দিয়েছেন। আগামী দিনগুলোতে জাতীয়তাবাদী দলের প্ল্যাটফর্ম থেকেই রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রামগতি পৌরসভা বিএনপির সভাপতি সাহেদ আলী পটু জানান, দলের সুশৃঙ্খল সাংগঠনিক নেতৃত্ব ও দলীয় নেতৃত্বের উন্নয়ন দর্শনে অনুপ্রাণিত হয়ে স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপিতে যুক্ত হয়েছেন। নবীন এই নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে দলকে আরও গতিশীল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন