মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,

আওয়ামী লীগকে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান: ডা. জাহিদ

আবু সালেহ মোঃ রায়হান

সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০২:৩১ পিএম

আওয়ামী লীগকে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান: ডা. জাহিদ

ছবি: দিনাজপুর টিভি

পালিয়ে না থেকে সৎ সাহস থাকলে দেশে ফিরে প্রচলিত আইন ও আদালতের মুখোমুখি হওয়ার জন্য আওয়ামী লীগ নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন। তিনি স্পষ্ট করেন যে তার দল কোনো চোরাগোপ্তা বা অন্ধকারের রাজনীতিতে বিশ্বাস করে না, বরং নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়াই তাদের মূল শক্তি।

বিগত শাসনামলে সংঘটিত অন্যায়ের প্রতিটি হিসাব দেশের মাটিতেই নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। বিগত সরকারের কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, যারা অতীতে নির্বিচারে গুলি চালিয়ে সাধারণ মানুষ হত্যা করেছে, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করেছে এবং মেগা প্রকল্পের নাম ভাঙিয়ে মেগা ডাকাতিতে লিপ্ত হয়েছে, তাদের দায়মুক্তি পাওয়ার সুযোগ নেই। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি সাহস থাকে তবে আদালতের সামনে দাঁড়িয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করুন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতরা বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমকে অপব্যবহার করে দেশে উসকানিমূলক বিশৃঙ্খলা তৈরির ষড়যন্ত্র করছে।

এর আগে দলীয় কার্যালয়ের অভ্যন্তরীণ মতবিনিময় সভায় ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন প্রসঙ্গে নেতাকর্মীদের মধ্যে কিছুটা হট্টগোল দেখা দেয়। পরিস্থিতি শান্ত করে ডা. জাহিদ হোসেন উল্লেখ করেন, শত জুলুমের মুখেও বিএনপি এ দেশের সাধারণ মানুষকে নিয়ে রাজপথেই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়েছে। তিনি বলেন, দলের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে, লক্ষ লক্ষ কর্মীকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে এবং দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও কোনো নেতাকর্মীর সাংগঠনিক মনোবল ভাঙেনি বা দলের প্রতি আনুগত্যে চিড় ধরেনি।

মতবিনিময়কালে পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা ইউনুস শেখ, যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।