সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১১:১৩ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় টানা ১৪ ঘণ্টা সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে মঙ্গলবার এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলাজুড়ে সকাল ৮টা থেকেই গ্যাস সরবরাহ পুরোপুরি বিচ্ছিন্ন করা হয়।
বিতরণকারী সংস্থা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড (বিজিডিসিএল) সোমবার (১৪ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাইপলাইনের সংস্কার ও জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। এই সিদ্ধান্তের আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত আবাসিক, বাণিজ্যিক, শিল্পকারখানাসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগ সাময়িকভাবে অচল থাকবে।
সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত রাত ১০টার আগে গ্যাস সংযোগ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। হঠাৎ এই সরবরাহ বন্ধের ফলে জেলার রান্না ও বিভিন্ন কলকারখানার স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। পাইপলাইনে সংস্কারজনিত কারণে গ্রাহকদের সাময়িক ভোগান্তির মুখে পড়তে হওয়ায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি কর্তৃপক্ষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন