সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হাঁটুজল পেরিয়ে উঠতে হয় অর্ধকোটি টাকার সেতুতে

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০২:৫১ পিএম

হাঁটুজল পেরিয়ে উঠতে হয় অর্ধকোটি টাকার সেতুতে

ছবি - সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু স্থানীয়দের কোনো কাজে আসছে না। সংযোগ সড়ক ভাঙা থাকায় যানবাহন তো দূরের কথা, সাধারণ পথচারীদেরও হাঁটুজল পেরিয়ে সেতুর ওপর উঠতে হচ্ছে, যা চরম ভোগান্তির কারণ হয়েছে।

দেবীগঞ্জের দেবীডুবা ইউনিয়নের কামারপাড়া এলাকায় প্রায় ৪১ লাখ টাকা ব্যয়ে ১১.৫ মিটার দীর্ঘ এই সেতুটি গত বছর নির্মাণ করা হয়। কিন্তু এক বছর পার হয়ে গেলেও এর পশ্চিম প্রান্তে প্রায় ১৫ থেকে ২০ মিটার রাস্তা ভেঙে খাল হয়ে আছে। ফলে কামারপাড়া,

পাইকানপাড়া ও কেপ্তিকুড়া গ্রামের মানুষকে বর্ষার সময় হাঁটুজল ও কাদা পেরিয়ে সেতুতে যেতে হয়। স্থানীয় যুবক আনারুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “৪০-৫০ লাখ টাকা খরচ করে ব্রিজ বানিয়ে লাভ কী হলো?” কৃষক জমশের আলী বলেন, নতুন করে অল্প কিছু মাটি ফেলায় কাদা আরও বেড়েছে, যা দুর্ভোগ আরও বাড়িয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, বর্ষায় রাস্তাটি ভেঙে গিয়েছে।

ইউনিয়ন পরিষদের মাধ্যমে একটি প্রকল্প নিয়ে এটি ভরাট করার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তিনি আশা করছেন, খুব দ্রুতই এটি ঠিক হয়ে যাবে। অন্যদিকে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মন্ডলের মোবাইল নম্বর বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।