সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

প্রতিটি ভবনে সেপটিক ট্যাংক স্থাপন বাধ্যতামূলক: পরিবেশ উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৫:২০ পিএম

প্রতিটি ভবনে সেপটিক ট্যাংক স্থাপন বাধ্যতামূলক: পরিবেশ উপদেষ্টা

ছবি - সংগৃহীত

রাজধানী ঢাকাকে একটি সবুজ ও স্মার্ট নগরীতে রূপান্তর করতে প্রতিটি নতুন ও পুরোনো ভবনে সেপটিক ট্যাংক বা সুয়্যারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপন বাধ্যতামূলক করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। পরিবেশ উপদেষ্টা বলেন, ঢাকা শহরের হাসপাতাল, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ সকল স্থাপনার জন্য এসটিপি স্থাপন করা কঠিন নয়।

তিনি আরও বলেন, রাজধানীর নদী ও খাল দূষণমুক্ত করা অসম্ভব নয়, তবে এর জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন এবং উৎস থেকেই বর্জ্য ফেলার প্রবণতা বন্ধ করতে হবে। শুধু ড্রেজিং করে এই সমস্যার সমাধান সম্ভব নয়।

সভায় তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনা, কার্যকর শাসনব্যবস্থা এবং আইনগত সংস্কারের ওপর জোর দেন। তিনি আশা প্রকাশ করেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আইন সংশোধন ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে ঢাকা একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব নগরীতে পরিণত হবে।

সভায় রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।