রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রশংসায় ভাসছেন যুবদল নেতা রনি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩, ২০২৫, ০৩:৫২ পিএম

প্রশংসায় ভাসছেন যুবদল নেতা রনি

ছবি - সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি একটি দারুণ কাজ করে লাখো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করেছেন। তিনি ব্যক্তিগত উদ্যোগে পঞ্চবটি থেকে বক্তাবলী সড়কের একটি গুরুত্বপূর্ণ বেহাল অংশ সংস্কার করেছেন। তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য তিনি এখন এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন।শুক্রবার দুপুরে দোয়ার মাধ্যমে সড়কটির সংস্কারকৃত অংশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে মশিউর রহমান রনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।এলাকা সূত্রে জানা যায়, পঞ্চবটি থেকে বক্তাবলী সড়কের বেশ কিছু অংশের আরসিসি ঢালাই ভেঙে গিয়েছিল প্রায় দু-বছর আগে। এর মধ্যে সবচেয়ে বেহাল অবস্থা ছিল মুসলিমনগর দক্ষিণপাড়া জমজম জামে মসজিদের সামনের অংশ। সড়কের এই অংশে তৈরি হয়েছিল বড় বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই ড্রেনের ময়লা পানিতে সড়কটি ডুবে যেত, ফলে এখানে প্রতিদিন ছোট বড় যানবাহন দুর্ঘটনার শিকার হতো।

দীর্ঘ ভোগান্তির পর অবশেষে যুবদল নেতা মশিউর রহমান রনির ব্যক্তিগত উদ্যোগেই সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় স্থানীয়রা হাঁফ ছেড়ে বেঁচেছেন।সড়ক উদ্বোধনকালে মশিউর রহমান রনি এই কাজটিকে দলীয় নির্দেশনার অংশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "বিএনপি জনগণের কল্যাণের রাজনীতি করে। আমাদের নেতা তারেক রহমান জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। আমি সেই নির্দেশনার অংশ হিসেবেই এই সড়কটি সংস্কার করেছি।"

তিনি আগামী দিনগুলোতেও জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে সহযোগিতা ও ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।উদ্বোধন অনুষ্ঠানে যুবদল নেতা রনি ছাড়াও এনায়েতনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনির হোসেন, সদস্য সচিব খায়রুল ইসলাম জসীম, মুসলিমনগর জমজম জামে মসজিদ কমিটির সভাপতি ইস্রাফিলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।