অক্টোবর ৫, ২০২৫, ১০:০৭ এএম
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় প্রেমিকার উপস্থিতিতেই এক কলেজছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সাইমুন নামের ওই তরুণের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের মানিক্য নগর গ্রামে। নিহত সাইমুন ওই গ্রামের প্রবাসী মিজানের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শনিবার সকালে সাইমুনের প্রেমিকা ও তার এক বান্ধবী তাদের বাড়িতে বেড়াতে আসেন। তাদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে সাইমুন নিজের বসতঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন এবং গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
নিহতের চাচি জুবাইদা খাতুন জানান, তিনি সাইমুনকে মেয়ে দুটির সঙ্গে নাশতা করতে দেখে রান্নাঘরে গিয়েছিলেন। কিছুক্ষণ পর তার ছোট ছেলের চিৎকার শুনে ছুটে গিয়ে দেখেন, সাইমুন ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে এবং মেয়ে দুটি তার গলার দড়ি খোলার চেষ্টা করছে। তবে তিনি আরও বলেন, সাইমুন যখন ফাঁসি দেয় তখন মেয়ে দুটি ঘরের বাইরে ছিল।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় সাইমুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, এলাকাবাসী ঘটনাস্থল থেকে ওই দুই তরুণীকে আটক করে সোনাইমুড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আটক দুই তরুণীকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন