অক্টোবর ৬, ২০২৫, ১০:৫২ পিএম
খুলনার ভৈরব নদে নোঙর করা অবস্থায় ‘এমভি জিলান’ নামের সুন্দরবনগামী একটি পর্যটকবাহী জাহাজ (ট্যুরিস্ট ভেসেল) ডুবে গেছে। সোমবার (৬ অক্টোবর) সকালে নগরীর কাস্টম ঘাটে জোয়ারের পানিতে ভারসাম্য হারিয়ে জাহাজটি তলিয়ে যায়। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, জাহাজটি ‘রেইনবো ট্যুরস’ নামক একটি পর্যটন সংস্থার মালিকানাধীন এবং অভ্যন্তরীণ কিছু মেরামতের জন্য কাস্টম ঘাট সংলগ্ন একটি ডকইয়ার্ডে বাঁধা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত থেকেই জাহাজটি ধীরে ধীরে একপাশে কাত হতে শুরু করে এবং সোমবার সকালে জোয়ারের পানির চাপে পুরোপুরি ডুবে যায়।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের (টোয়াস) সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেভিড জানান, জাহাজের বাথরুমের একটি খোলা পাইপলাইন দিয়ে পানি প্রবেশ করতে শুরু করে, যা পরে আর নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তবে জাহাজের মালিকপক্ষের প্রতিনিধি মো. জামিল দাবি করেছেন, জাহাজে গোসলের পানি ভরার সময় ভারসাম্য হারিয়ে এটি কাত হয়ে ডুবে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, “নোঙর করা জাহাজটি কাত হয়ে জোয়ারের পানিতে ডুবে গেছে। জাহাজটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।”


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন