সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

২ কোটি মানুষের জীবন-জীবিকা প্রশ্নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৫, ০২:০৪ পিএম

২ কোটি মানুষের জীবন-জীবিকা প্রশ্নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

বাংলাদেশের উত্তরাঞ্চলের জীবনরেখা তিস্তা নদী বর্তমানে এক মারাত্মক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যা প্রায় ২ কোটি মানুষের জীবন ও জীবিকাকে প্রতিনিয়ত হুমকির মুখে ঠেলে দিচ্ছে। গত রবিবার রাতে উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করায় ডালিয়া ব্যারেজ পয়েন্টে রেড অ্যালার্ট জারি করা হয়।

পলিমাটিতে ভরাট হয়ে যাওয়া তিস্তা উজানের অতিরিক্ত পানি ধারণ করতে না পারায় তা দ্রুত নিম্নাঞ্চলে ও চরাঞ্চলে ছড়িয়ে পড়ে, ফলে বসতভিটা প্লাবিত হয় এবং গবাদি পশু ও ফল-ফসলের ব্যাপক ক্ষতি হয়। পানি কমার সঙ্গে সঙ্গেই শুরু হয় তীব্র নদী ভাঙ্গন, যা প্রতি বছর হাজার হাজার মানুষকে গৃহহীন করে তোলে। অন্যদিকে, বর্ষার এই ভয়াবহ চিত্র ছাপিয়ে শুষ্ক মৌসুমে তিস্তা পরিণত হয় মরা খালে। ভারতের একতরফা পানি আগ্রাসনের কারণে শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি না পাওয়ায় তিস্তাপাড়ের বাসিন্দারা বছরজুড়ে জীবনযুদ্ধে টিকে থাকার লড়াইয়ে সর্বস্বান্ত হচ্ছে।

এখানকার মানুষ দীর্ঘশ্বাস ফেলে বলে, "গরীবের দুঃখ ১২ মাস, এই নদী ভাঙ্গে এপার যায় ওপার থেকে আরেক যায়। কত আন্দোলন, অনেক কিছু গেল কিন্তু কেউ কোন সরকার এর জন্য কোন উদ্যোগ নিতেছে না।" তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে এই দুর্দশা থেকে মুক্তি নেই বলে মনে করছেন স্থানীয়রা, যার ফলশ্রুতিতে উত্তরের মানুষ এই মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে আন্দোলন গড়ে তুলেছে।

বর্তমান সরকারের পক্ষ থেকেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা আসে, যেখানে উল্লেখ করা হয় যে ডিসেম্বরের মধ্যে এই চুক্তি শেষ পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হবে এবং আগামী বছর থেকে কাজ শুরু হবে। তবে, ২ কোটি মানুষের জীবন-জীবিকার প্রশ্নে কেবল ঘোষণা বা আশ্বাস নয়, নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি উঠেছে, কারণ এতেই আশ্বস্ত হতে পারবেন তিস্তাপাড়ের মানুষ।

'তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ'-এর মতে, একমাত্র তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলেই প্রতি বছর লক্ষ কোটি টাকার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। তাদের দাবি, ফ্লাড বাইপাস দুই পাশের ঠিক করা, দুই পারের বাঁধ নির্মাণ ও পুনর্নির্মাণ করা এবং জলাধার নির্মাণ করা—এই প্রথম পর্যায়ের কাজগুলো দ্রুত শুরু করা উচিত, যাতে দেশের মানুষ ও তিস্তাপাড়ের মানুষ বাঁচতে পারে। অধিকারকর্মীরা আরও জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যদি কোনো ভূ-রাজনৈতিক টানাপড়েন থাকে, তবে প্রয়োজনে নিজস্ব অর্থায়নেই হলেও এই পরিকল্পনা বাস্তবায়ন করা উচিত।