রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চাঁদপুরের ইলিশ: অনলাইনে বিক্রির নিবন্ধন পেল ৭ উদ্যোক্তা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১০, ২০২৫, ১০:০৬ এএম

চাঁদপুরের ইলিশ: অনলাইনে বিক্রির নিবন্ধন পেল ৭ উদ্যোক্তা

ছবি- সংগৃহীত

অনলাইনে চাঁদপুরের নাম ব্যবহার করে ইলিশ বিক্রির নামে প্রতারণা ঠেকাতে যুগান্তকারী এক পদক্ষেপ নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। জেলার সাতজন অনলাইন ইলিশ ব্যবসায়ীকে কঠোর শর্তসাপেক্ষে প্রাতিষ্ঠানিক নিবন্ধন সনদ প্রদান করা হয়েছে, যার মাধ্যমে ক্রেতারা এখন থেকে আসল চাঁদপুরের ইলিশ চিনে কিনতে পারবেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্যোক্তাদের হাতে এই নিবন্ধন সনদ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

নিবন্ধন পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ‘ইলিশ ভাইয়া’, ‘টেকিং শপ’, ‘তাজা ইলিশ ডক কম’ ও ‘ইলিশ বাড়ি’ সহ মোট সাতটি ফেসবুক পেজ। আরও ৩৫ জন উদ্যোক্তা নিবন্ধনের জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে প্রশাসন।

জেলা প্রশাসক জানিয়েছেন, এই নিবন্ধন পেতে হলে উদ্যোক্তাকে অবশ্যই চাঁদপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নির্দিষ্ট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো, অন্য কোনো অঞ্চলের (যেমন: হাতিয়া বা ভোলা) ইলিশকে চাঁদপুরের ইলিশ বলে বিক্রি করা যাবে না।

প্রশাসনের কর্মকর্তারা বলেন, নিবন্ধিত পেজগুলোকে এখন থেকে জবাবদিহিতার আওতায় আনা হলো এবং তাদের পেজে নিবন্ধন নম্বর উল্লেখ করতে হবে। ক্রেতারা এসব পেজ থেকে ইলিশ কিনলে প্রতারিত হওয়ার ঝুঁকি থাকবে না। জেলা প্রশাসন ও পুলিশ সুপারের ওয়েবসাইটে নিবন্ধিত বিক্রেতাদের তালিকা প্রকাশ করা হবে, যা ক্রেতাদের জন্য সহায়ক হবে এবং চাঁদপুরের ইলিশের সুনাম অক্ষুণ্ণ রাখবে।