অক্টোবর ১০, ২০২৫, ১০:১৪ এএম
কুমিল্লায় দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া একটি সড়কের খানাখন্দে মাছের পোনা ছেড়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (১০ অক্টোবর) সকালে জেলার দেবিদ্বার-চান্দিনা সড়কের কাচিশাইর বাজার এলাকায় সড়কের গর্তে জমে থাকা পানিতে মাছের পোনা ছেড়ে দেন তিনি।
এলাকাবাসী জানান, প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ দেবিদ্বার-চান্দিনা সড়কটি হাজারো গর্তে ভরে গিয়ে দীর্ঘদিন ধরে চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে যাওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা এবং জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।এই বেহাল দশার প্রতিবাদেই হাসনাত আবদুল্লাহ এই ব্যতিক্রমী কর্মসূচি পালন করেন। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই রাস্তায় মানুষ চলাচল করে, কয়েক দিন আগেই এখানে একটি ছেলে মারা গেছে।
যদি রাস্তা ঠিকই না করা হয়, তার চেয়ে ভালো এখানে মাছের চাষ করুন। মাছ চাষ করলে এলাকার মানুষ অন্তত কিছু মাছ ধরে খেতে পারবে।”তিনি আরও বলেন, “দেবিদ্বারের রাস্তাঘাটের অবস্থা এতটাই খারাপ যে, তা মাছ চাষের জন্য উপযুক্ত হয়ে গেছে। আমি মাছ ছাড়ছি, আপনারাও ছাড়ুন, তাতে যদি কর্তৃপক্ষের টনক নড়ে।”
উল্লেখ্য, এর আগের দিনই সড়ক ও জনপথ বিভাগের এক প্রকৌশলীর সঙ্গে হাসনাত আবদুল্লাহর একটি ফোনালাপ ফাঁস হয়, যেখানে তাকে বলতে শোনা যায়, রাস্তা ঠিক না হলে তিনি গর্তে ধান লাগিয়ে ও মাছ চাষ করে রাস্তা অবরোধ করবেন। সেই হুমকিরই বাস্তবায়ন ঘটল আজকের এই অভিনব প্রতিবাদের মাধ্যমে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন