অক্টোবর ১০, ২০২৫, ১০:১৮ পিএম
আগামী এক সপ্তাহের মধ্যে কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লার বর্ষীয়ান নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন।শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে ‘বৃহত্তর কুমিল্লাবাসী’র ব্যানারে আয়োজিত এক বিশাল সমাবেশে তিনি এই ঘোষণা দেন।
কুমিল্লাকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে আয়োজিত এই সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার মানুষ অংশ নেন।সমাবেশে হাজী আমিনুর রশিদ ইয়াসিন বলেন, “প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। এই ঐতিহ্যবাহী কুমিল্লাকে বিভাগ করা আমাদের প্রাণের দাবি। যখনই এই দাবি বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছায়, তখনই নানা মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়। আমরা আর কোনো ষড়যন্ত্র মানব না।”
তিনি সরকারকে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে বলেন, “দাবি মানা না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা ব্লক করে দেওয়া হবে।”সমাবেশে বক্তারা বলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটার অ্যাসোসিয়েশন’-এর সভাপতি টিপু চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন