অক্টোবর ১১, ২০২৫, ০৫:২৩ পিএম
চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা নিয়ে পঞ্চগড়ে বিশাল মোটরসাইকেল লংমার্চ শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (১১ অক্টোবর) বেলা সোয়া ১২টার দিকে পঞ্চগড় চিনিকল মাঠ থেকে সহস্রাধিক মোটরসাইকেলের এক বিশাল বহর নিয়ে এই কর্মসূচি শুরু হয়।
এর আগে সকাল থেকেই জেলার পাঁচ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে এনসিপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে চিনিকল মাঠে জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠটি কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।পরে সারজিস আলমের নেতৃত্বে বিশাল এই মোটরসাইকেল বহরটি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে তেঁতুলিয়ার উদ্দেশে রওনা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সারিসারি মোটরসাইকেলের এই বহর পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা করে।এনসিপির স্থানীয় নেতারা জানিয়েছেন, তেঁতুলিয়া সদরে একটি পথসভা শেষে লংমার্চটি পুনরায় পঞ্চগড় শহরের দিকে ফিরে আসবে।
রাত নয়টার দিকে পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্ক চত্বরে একটি চূড়ান্ত সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে, যেখানে সারজিস আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে এনসিপির শক্তিমত্তার এক বড় প্রদর্শনী হিসেবেই দেখা হচ্ছে এই লংমার্চকে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন