রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আয়নাঘর নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জামায়াত নেতা আমির হামজা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৫, ০৯:০৩ পিএম

আয়নাঘর নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জামায়াত নেতা আমির হামজা

ছবি - সংগৃহীত

আলোচিত ইসলামী বক্তা এবং কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমির হামজা প্রথমবারের মতো প্রকাশ্যে দাবি করেছেন যে, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কুখ্যাত গোপন কারাগার ‘আয়নাঘরে’ বন্দী ছিলেন।বুধবার (১৫ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ায় দলীয় এক মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন।

আমির হামজা বলেন, “আমি আয়নাঘরে ছিলাম। এটা কতটা কঠিন জায়গা, সেখানে না থাকলে কাউকে বোঝানো যাবে না। আয়নাঘর আবার ফিরে আসবে, এটা আমরা মেনে নেব না। আয়নাঘর যেন আর ফিরে না আসে, সেই জন্যই আমাদের এই পাঁচ দফা দাবি।”উল্লেখ্য, ২০২১ সালের জুন মাসে আমির হামজা কয়েকদিনের জন্য নিখোঁজ হয়েছিলেন এবং পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। দীর্ঘদিন পর আজই তিনি প্রথম তার নিখোঁজ থাকার সময়ের বিষয়ে প্রকাশ্যে কথা বললেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামী এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম বলেন, “আমরা যে দাবিগুলো নিয়ে মাঠে নেমেছি, সেগুলো কেবল জামায়াতের নয়, দেশের অধিকাংশ রাজনৈতিক দল কোনো না কোনোভাবে এসব দাবি মেনে নিয়েছে। সরকার যদি দাবি মানতে গড়িমসি করে, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”