অক্টোবর ২৪, ২০২৫, ১১:৫৪ পিএম
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার জন্য অতীতের মতোই আবারও দ্বন্দ্বে লিপ্ত হয়েছে বিএনপি ও জামায়াত। তিনি অভিযোগ করেন, এই দুই দলের অশুভ রাজনীতির কারণেই অতীতেও আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার সুযোগ পেয়েছিল। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দলীয় প্রার্থীর পক্ষে এক প্রচারণা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগের বাকশালী ও ফ্যাসিবাদী রাজনীতি অতীতেও জনগণ প্রত্যাখ্যান করেছিল এবং তাদের সন্ত্রাসবাদী নৃশংস রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে বিতাড়িত করেছিল। কিন্তু ১৯৯৬ সালে বিএনপি-জামায়াতের মধ্যকার তীব্র ক্ষমতার দ্বন্দ্ব এবং অশুভ রাজনীতির কারণেই আওয়ামী লীগ দীর্ঘ সময় পর রাজনীতিতে ফিরে আসার সুযোগ পায়। তিনি আক্ষেপ করে বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান না ঘটলে খালেদা জিয়া এখনো জেলখানায় বন্দী থাকতেন এবং জামায়াতকেও আওয়ামী লীগের মতো নিষিদ্ধ দল হিসেবে চোরাগোপ্তা রাজনীতি করতে হতো।
এক বছর পার না হতেই এই দুই বড় দলের আচরণে দেশের মানুষ হতাশ।ঝিনাইদহ-১ আসনে এবি পার্টির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মতিয়ার রহমানকে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তারই সমর্থনে শৈলকুপার রামচন্দ্রপুর মাঠে এই সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শৈলকূপা উপজেলা আহ্বায়ক মো. শাহীন আলম।প্রধান অতিথির বক্তব্যে মঞ্জু আরও বলেন, পুরোনো দিনের রাজনীতি মানেই হলো প্রতিশোধ, প্রতিহিংসা আর ক্ষমতার দখল।
একদল জেলে যায় এবং আরেকদল এসে সব দখল করে নেয়। জনগণ এসবে ক্ষুব্ধ ও বিরক্ত হয়েই ’২৪-এর গণবিস্ফোরণ ঘটিয়েছে, যার ফলে একটি দলকে দলবলসহ সীমান্তের ওপারে পালাতে হয়েছে। তিনি বলেন, নির্বাচন মানে যদি শুধু ক্ষমতা বদল হয়, সেটাতো ইতোমধ্যে হয়ে গেছে। এবারের নির্বাচনকে ‘নিয়ম ও ইতিহাস বদলের’ নির্বাচন বানাতে হবে। তিনি বলেন, শহীদেরা ফ্যাসিস্টদের হাত থেকে দেশ মুক্ত করলেও কাঙ্ক্ষিত রাষ্ট্র বিনির্মাণ হয়নি, টেন্ডারবাজি-চাঁদাবাজি বন্ধ হয়নি। তাই আগামী নির্বাচনকে বাংলাদেশ পরিবর্তনের নির্বাচনে পরিণত করে জুলাইয়ের শহীদদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন