অক্টোবর ২৫, ২০২৫, ১১:৪৭ এএম
নওগাঁর ধামইরহাটে গরুবোঝাই একটি ইঞ্জিনচালিত ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বিহারীনগর বাইপাস সড়কের তালঝাড়ি ফুটবল মাঠের পাশে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, শনিবার সকালে উপজেলার আড়ানগর এলাকা থেকে কয়েকজন গরু ব্যবসায়ী একটি ভটভটিতে গরু বোঝাই করে জয়পুরহাট জেলার একটি পশুর হাটের উদ্দেশে রওনা দেন। ভটভটিটি বিহারীনগর-পিড়লডাঙ্গা বাইপাস সড়ক হয়ে তালঝাড়ি এলাকার ডবল ব্রিজের কাছে পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে যায়। এ সময় চালক ভটভটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গরুবোঝাই যানটি এবং ওই মোটরসাইকেলটি একযোগে উল্টে রাস্তার পাশের গভীর ধানক্ষেতে পড়ে যায়।
ভয়াবহ এই দুর্ঘটনার পর স্থানীয়রা চিৎকার শুনে ছুটে আসেন এবং ধামইরহাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস টিম ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে। এ সময় ঘটনাস্থল থেকেই দুজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ভটভটির চালক আড়ানগর এলাকার বাসিন্দা পাড়ার জয়দুল ইসলামের ছেলে মাসুদুর রহমান মওলা (৩৫) এবং একই গ্রামের গরু ব্যবসায়ী নজিম উদ্দিনের ছেলে মোহাম্মদ ভুট্টু (৪০)।
দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হলেন আড়ানগর গ্রামের মুকুল হোসেনের ছেলে জিহাদ (২৫), ফতেপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে জাইদুল ইসলাম (৫৫), লক্ষণপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (৭০) এবং মোটরসাইকেল চালক দিনাজপুর জেলার জহুরুল ইসলামের ছেলে মো. সেলিম রেজা।
আহতদের মধ্যে নাজিম উদ্দিন ও মো. সেলিম রেজার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালক নিজ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন