সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সৎ নেতৃত্ব দরকার: হাইমচরে শিবিরের ক্যারিয়ার প্রোগ্রাম

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৫, ১১:৫৬ এএম

সৎ নেতৃত্ব দরকার: হাইমচরে শিবিরের ক্যারিয়ার প্রোগ্রাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুরের হাইমচর উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় শিক্ষার্থীদের জন্য "ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫" শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) উপজেলার দুর্গাপুর হাইস্কুল অ্যান্ড কলেজ হলরুমে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডা. মোহাম্মদ নাঈম। তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন সংক্রান্ত বিভিন্ন লিখিত প্রশ্নের উত্তর দেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মোহাম্মদ নাঈম বলেন, বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময় দেশ এবং এ দেশের উজ্জ্বল ভবিষ্যৎ নির্ভর করছে বর্তমান তরুণ প্রজন্মের ওপর। তিনি বলেন, দেশে সব ধরনের সম্পদ থাকা সত্ত্বেও সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্বের অভাব রয়েছে। নৈতিকতার শিক্ষা গ্রহণের মাধ্যমে এই শূন্যতা পূরণ করতে শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি। ছাত্রশিবির সম্পর্কে বিভিন্ন সময়ে প্রচারিত গুজব ও প্রোপাগান্ডার বিষয়েও কথা বলেন ডা. নাঈম।

তিনি বলেন, কিছু মহল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নামে উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন প্রোপাগান্ডা ও গুজব ছড়াচ্ছে। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, আজ পর্যন্ত কেউ প্রমাণসহ বলতে পারেনি যে শিবির কারো হাত বা পায়ের রগ কেটেছে। সোশ্যাল মিডিয়ায় যা দেখা যায় তার বেশিরভাগই সম্পূর্ণ গুজব বলে তিনি দাবি করেন এবং বলেন, ছাত্রশিবির দেশ ও দেশের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আল মামুন রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাইমচর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আজমির । বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর শহর ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহজাহান মিয়া,

হাইমচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হোসাইন ও সেক্রেটারি মুহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা সাবেক আমির মাওলানা আলী আকবর এবং হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক (আইসিটি) মো. শহিদুল্লাহ। এ ছাড়াও হাইমচর উপজেলার বিভিন্ন শিক্ষাবিদ ও বিশিষ্ট নাগরিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই ধরনের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আয়োজনের জন্য ছাত্রশিবির হাইমচর উপজেলা শাখাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।