রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

ডিসেম্বরের মধ্যে খাদ্য সংকটে পড়বে ১ কোটি ৬০ লাখ মানুষ: জাতিসংঘ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩০, ২০২৫, ০৮:৪৫ পিএম

ডিসেম্বরের মধ্যে খাদ্য সংকটে পড়বে ১ কোটি ৬০ লাখ মানুষ: জাতিসংঘ

আসন্ন ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের ১৩টি দুর্যোগ প্রবণ জেলার অন্তত ১ কোটি ৬০ লাখ মানুষ বড় ধরনের খাদ্য সংকটে পড়তে যাচ্ছে এবং একইসাথে ১৬ লাখ শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে বলে এক উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।

খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট এবং জাতিসংঘের তিনটি সংস্থা এফএও, ইউনিসেফ ও ডব্লিউএফপি-এর যৌথ প্রতিবেদনে এই হুশিয়ারি দেওয়া হয়েছে।

বুধবার সকালে আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করা হয়, যেখানে বলা হয়েছে বছরের শেষভাগে এই খাদ্য সংকট আরও তীব্র হবে, যদিও গত বছরের তুলনায় সামগ্রিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে।

প্রতিবেদনে চিহ্নিত ১৩টি জেলা হলো বরগুনা, ভোলা, পটুয়াখালী, বান্দরবান, রাঙ্গামাটি, বাগেরহাট, সাতক্ষীরা, জামালপুর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, সুনামগঞ্জ ও কক্সবাজার। এর মধ্যে কক্সবাজারে খাদ্য সংকট সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করবে, যেখানে ৩০ শতাংশ মানুষ সংকটে পড়বে এবং রোহিঙ্গা শিবির ও ভাসানচরে বসবাসরত ৪০ শতাংশ জনগণ জরুরি পর্যায়ে পৌঁছে যাবে। খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাসুদুল হাসান জানিয়েছেন যে, সরকার এই প্রতিবেদনের সঙ্গে দ্বিমত করছে না এবং বাস্তবতা কঠিন হলেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে খাদ্য নিরাপত্তা বাড়াতে কাজ করে যাচ্ছে। ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেছেন, অপুষ্ট শিশুদের ভবিষ্যৎ বিপন্ন হচ্ছে এবং এই খাদ্য সংকট শুধু মানবিক নয়, এটি একটি অর্থনৈতিক হুমকিও। ডব্লিউএফপির উপপরিচালক সিমন পার্চমেন্ট সমন্বিত পরিকল্পনা ও সামাজিক সুরক্ষা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন। আসন্ন সংকট মোকাবেলায় প্রতিবেদনে জীবন রক্ষাকারী সহায়তা প্রদান, পুষ্টি সেবাবৃদ্ধি, কৃষি ও মৎস্যখাতে বিনিয়োগ এবং দুর্যোগ প্রস্তুতি জোরদারের আহ্বান জানানো হয়েছে।