রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১, ২০২৫, ১০:০২ পিএম

প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক

প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিয়ে সুদূর চীন থেকে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ছুটে এসেছেন ওয়াং থাও (৩৫) নামে এক যুবক। অনলাইন প্ল্যাটফর্মে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা প্রেমের সম্পর্ককে পরিণতি দিতেই তার এই আগমন। শুক্রবার (৩১ অক্টোবর) তিনি বাংলাদেশে পৌঁছালে তার প্রেমিকা সুমরা (১৯) তাকে বিমানবন্দর থেকে সরাসরি নিজ বাড়িতে নিয়ে যান।ওয়াং থাও চীনের হেনান প্রদেশের বাসিন্দা।

অন্যদিকে, বাংলাদেশি তরুণী সুমরা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের তাহের আলীর মেয়ে।পুলিশ ও তরুণীর পরিবার সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াং থাওয়ের সঙ্গে সুমরার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। সেই প্রেমের টানেই ওয়াং থাও গত ৩১ অক্টোবর বৈধ পাসপোর্ট ও ভিসা ব্যবহার করে বাংলাদেশে আসেন। সুমরা তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রহণ করে নাসিরনগরে নিজেদের বাড়িতে নিয়ে আসেন।

তবে এই প্রেমে ভাষা একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ওয়াং থাও চীনা ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বলতে বা বুঝতে পারেন না। ফলে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলার জন্য তাকে মোবাইল ফোনের অনুবাদক অ্যাপের সাহায্য নিতে হচ্ছে। এদিকে, ভিনদেশি যুবকের আগমনের খবরে সুমরার বাড়িতে উৎসুক জনতার ভিড় বাড়ছে। সুমরা জানান, ওয়াং থাও আসার পর থেকেই অনেক মানুষ বাড়িতে ভিড় করছেন, এতে তিনি (ওয়াং থাও) কিছুটা বিরক্ত বোধ করছেন।

তবে মেয়ের বিদেশি প্রেমিককে পেয়ে দারুণ খুশি সুমরার পরিবার। তারা বিয়ের আয়োজন করতেও আগ্রহী। তরুণীর মা নূরেনা বেগম বলেন, ‘আমার মেয়ের সঙ্গে প্রেম করে চীনের যুবক আমাদের বাড়িতে আসছে। আমরা অনেক খুশি, সে আমার মেয়েকে বিয়ে করবে।’ সুমরার বাবা তাহের আলীও হবু জামাইয়ের আপ্যায়নে কোনো কমতি রাখেননি। তিনি বলেন, ‘আমরা ছেলের ব্যবহারে খুব খুশি। সে অনেক ভালো মানুষ। বাজার থেকে বোয়াল মাছ, দেশি মোরগ কিনে রান্না করে খাওয়াইছি।’

প্রেমের টানে বিদেশি নাগরিকের আগমনের খবরটি স্থানীয় প্রশাসনের কানেও পৌঁছেছে। কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দীন জানান, তিনি বিষয়টি সম্পর্কে শুনেছেন।নাসিরনগর থানার সহকারী পরিদর্শক (তদন্ত) জাহান-ই-আলম বলেন, ‘আমরা খবর পেয়ে খোঁজখবর নিয়েছি। চীনা ওই যুবকের পাসপোর্টসহ সব তথ্য যাচাই করা হয়েছে। তিনি বৈধভাবেই বাংলাদেশে এসেছেন। আমরা তাদের বলেছি, কোনো ধরনের সমস্যা হলে বা নিরাপত্তার প্রয়োজন হলে যেন পুলিশকে জানানো হয়।