নভেম্বর ২, ২০২৫, ০৯:৪৫ পিএম
নৈতিক শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেছেন, আমাদের সমাজে শিক্ষা নিয়ে যে ধারণা প্রচলিত আছে, তা অনেকাংশে সঠিক নয়।রোববার (০২ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত ‘জেলা প্রশাসন মেধাবৃত্তি -২০২৫’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, শিক্ষায় যদি শারীরিক ও মানসিক বিকাশ না ঘটে, তবে শিশুরা এগোতে পারবে না। শুধু পড়াশোনা করে ভালো মার্কস ও সার্টিফিকেট অর্জন করলেই হবে না। পাশাপাশি, শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য মুখস্থ বিদ্যার বাইরের জগতের সাথে তাদের পরিচয় করিয়ে দিতে হবে এবং মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, ছোটবেলা থেকেই শিশুদের মাঝে মমত্ববোধ গড়ে তুলতে হবে এবং নৈতিক শিক্ষায় শিশুকে গড়ে তুলতে হবে। শিশুদের মধ্যে খারাপ আচরণ দেখা দিলে একসময় সেটি তাদের মনে স্থায়ীভাবে বাসা বাঁধে। তিনি আরও বলেন, একটি স্কুল কীভাবে পরিচালিত হয়, তার ওপরও শিশুদের নৈতিকতা নির্ভর করে। বিশেষ করে ধর্মীয় শিক্ষা গ্রহণ করলে শিশুরা নৈতিক শিক্ষা পায়। নৈতিক শিক্ষা ছাড়া একটা জাতি কখনও উন্নত হতে পারে না।
আসন্ন শিক্ষাবর্ষের প্রস্তুতি নিয়ে উপদেষ্টা আরও বলেন, প্রাথমিক শিক্ষার বই সঠিক সময়েই পৌঁছে দেওয়া হবে। জানুয়ারিতে নির্বাচন নয় (বরং ফেব্রুয়ারিতে), তাই জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি জানান, শিগগিরই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, বিশেষ করে উপজেলার খালি পদগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (পলিসি এবং অপারেশন) পরিচালক এ কে মোহাম্মদ সামছুল আহসান, সুনামগঞ্জ পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ এবং প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগীয় উপ-পরিচালক মো. নুরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও প্রেজেন্টেশন উপস্থাপন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন