নভেম্বর ৫, ২০২৫, ০৫:২৮ পিএম
হিমালয় পর্বতমালার তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা সাধারণত শীতের আগমনী সময়ে দেশের উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড় থেকে দেখা যায়। তবে এবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ এলাকা থেকে মেঘমুক্ত আকাশে এই মহিমান্বিত দৃশ্য স্পষ্ট দেখা মিলেছে। কাঞ্চনজঙ্ঘার চূড়া ভারতের সিকিম এবং নেপালে অবস্থিত হলেও শীতের শুরুতে আবহাওয়া পরিষ্কার থাকায় দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকা থেকে তা দর্শন সম্ভব হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকালে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ এলাকা ও সানিয়াজান নদীর ওপর থেকে এই মায়াবী কাঞ্চনজঙ্ঘাকে স্পষ্ট দেখা যায়। বরফে ঢাকা এই শৃঙ্গ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জেগে ওঠে এবং কখনো সোনালি আবার কখনো শুভ্র সাদা রং ধারণ করে এক অসাধারণ আবেশ তৈরি করে। টানা কয়েকদিনের মেঘলা আবহাওয়ার পর গত তিন দিন ধরে আকাশ পরিষ্কার থাকায় এই দৃশ্য তিস্তা ব্যারেজ থেকে স্পষ্ট হয়ে উঠেছে।
দিগন্তজোড়া সাদা রুপালি চূড়ার এই দৃশ্য দেখতে সকাল থেকেই তিস্তা ব্যারেজ এবং সানিয়াজান নদী এলাকায় ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা এবং দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা।১০ কিলোমিটার দূর থেকে আসা এক দর্শনার্থী মেহেদী হাসান শুভ জানান, তিনি সকালে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছেন। তার মনে হয়েছে, এটি যেন সাদা বরফে মোড়া কোনো স্বপ্নের পাহাড়।
এমন দৃশ্য দেখতে পেয়ে তিনি আনন্দিত। আরেক দর্শনার্থী আরএম রিমন মন্তব্য করেন, কাঞ্চনজঙ্ঘার এই মনোমুগ্ধকর দৃশ্য শীতের অল্প সময়ের জন্য হলেও, তা তিস্তাপাড়ের সৌন্দর্যকে এক নতুন মাত্রা দিয়েছে। তিনি মনে করছেন, এই দৃশ্যকে কেন্দ্র করে তিস্তা ব্যারেজকে একটি আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন