রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মহালছড়িতে ভয়াবহ আগুন: ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৫, ০৭:৩১ পিএম

মহালছড়িতে ভয়াবহ আগুন: ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

খাগড়াছড়ির মহালছড়িতে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মূল বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তথ্যানুযায়ী, প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, বাজার মসজিদের সামনে একটি দোকানে আগুন লাগে এবং পরে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।পানির সংকটে ব্যাহত উদ্ধার কাজ

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, মহালছড়িতে ফায়ার সার্ভিস না থাকায় রাত ১২টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। জেলা সদর থেকে মহালছড়ি উপজেলার দূরত্ব ও পাহাড়ি পথ হওয়ায় যেতে সময় লেগেছে। রাত ১টা ৩০ মিনিটের দিকে গাড়ি পৌঁছালেও সেখানে পানির উৎসের তীব্র সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে ব্যাপকভাবে কাজ করা সম্ভব হয়নি।

পরবর্তীতে মাটিরাঙা উপজেলা থেকে একটি এক হাজার লিটার পানির ট্যাংকের গাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়।আশ্চর্যজনকভাবে, আগুন লাগার পরপরই মহালছড়িতে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়। অবশেষে সেই বৃষ্টিতে বাজারের আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা পুরোপুরি আগুন নেভাতে সক্ষম হন।ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ২৩টি দোকান পুড়ে যায়।

এর মধ্যে জুতার দোকান, খাবার হোটেল, কসমেটিকস, কাপড়, মুদি ও স্বর্ণের দোকান রয়েছে।মহালছড়ি বাজারের ব্যবসায়ীরা আগুনে ৪ থেকে ৫ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করলেও এ বিষয়ে ফায়ার সার্ভিসের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সহকারী পরিচালক জাকির হোসেন জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খোঁজ নিয়ে জানাবেন।