নভেম্বর ৫, ২০২৫, ০৯:২০ পিএম
পঞ্চগড় জেলার বোদা থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতার হওয়া ওই মূল হোতার নাম রিয়াদ হাসান মাসুদ (২৫)। সে ঠাকুরগাঁও জেলার মুন্সিপাড়া গ্রামের আশরাফুল ইসলাম ওরফে মজাহারুলের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলায় আরও পাঁচটি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ নভেম্বর) মাসুদকে দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে।
এরপর তাকে নিয়ে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। মাসুদের তথ্য মতে, ওইদিনই লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অধীন চন্দ্রপুর ইউনিয়নের বত্রিশ হাজারি এলাকার শামসুদ্দিন-কমিrউদ্দীন (এসকে) ডিগ্রি কলেজ সংলগ্ন পাকা রাস্তা থেকে ১৬০ সিসি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, বোদা উপজেলার নাজিরপাড়া এলাকার শাহীন কবীর প্রধানের বাড়ি থেকে গত ১৮ অক্টোবর সকাল ১০টার দিকে ৬ তলা ভবনের নিচ তলার গ্যারেজ থেকে টিভিএস অ্যাপাচি ১৬০ সিসির মোটরসাইকেলটি চুরি হয়।
এ ব্যাপারে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন জানান, গ্রেফতার হওয়া রিয়াদ হাসান মাসুদকে বুধবার (৫ নভেম্বর) আদালতে সোপর্দ করলে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন