সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

‘আবারও চাঁদাবাজি, লুটপাট, দখলদারি শুরু হয়েছে’: পঞ্চগড়ে সারজিস আলম

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৫, ০৯:৩৬ পিএম

‘আবারও চাঁদাবাজি, লুটপাট, দখলদারি শুরু হয়েছে’: পঞ্চগড়ে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, "আগের যা সিস্টেম, ওই সিস্টেম আবার নতুন করে চালু হওয়া শুরু করেছে। কেউ কেউ সুযোগ পেয়ে তার চেয়ে খারাপ অবস্থা তৈরি করা শুরু করেছে। আবারও চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটপাট, দখলদারি, ক্ষমতার অপব্যবহার— একই জিনিসের পুনরাবৃত্তি শুরু হয়েছে। আগের বেশিরভাগ রাজনৈতিক দল আবারও ধান্দাবাজিতে লিপ্ত হওয়া শুরু করেছে।"

আজ (৫ নভেম্বর) বুধবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়ন পরিষদ চত্বরে ওই ইউনিয়নের এনসিপির কমিটি ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, "আগস্ট থেকে ফেব্রুয়ারি ৬ মাস আমরা কোনো রাজনৈতিক দল করিনি। কিন্তু যখন দেখলাম নতুন করে আমরা যদি রাজনীতির হাল না ধরি, তাহলে ঘুরেফিরে আবার কালো শকুনের হাতে বাংলাদেশ চলে যাবে। একটা অভ্যুত্থান ঘটানোর পরে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। যারা জীবন দিলো, রক্ত দিলো, তাদের এই দায়বদ্ধতা আমাদেরও জীবন শেষ হওয়ার পূর্ব পর্যন্ত পালন করতে হবে। এই অপকর্মকারী যারা আছে, যেই দলের হোক না কেন, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখতে হবে।"

এ সময় পঞ্চগড় সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নয়ন তানবীরুল বারীসহ এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।