শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,

রংপুর রিজিয়ন বিজিবির ১০ মাসে ২২১ কোটি টাকার মাদক ও মালামাল জব্দ

আবু সালেহ মোঃ রায়হান

নভেম্বর ২১, ২০২৬, ০৩:০৫ পিএম

রংপুর রিজিয়ন বিজিবির ১০ মাসে ২২১ কোটি টাকার মাদক ও মালামাল জব্দ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের প্রথম ১০ মাসে সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে সর্বমোট ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের সদস্যরা।

গত ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত পরিচালিত এসব অভিযানে মাদকসহ বিভিন্ন চোরাচালানে জড়িত ৬১৫ জনকে আটক করা হয়েছে। শনিবার বিকেলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রিজিয়নের চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা এ সাফল্য অর্জন করেছেন। জব্দকৃত মালামালের মধ্যে ১ দশমিক ৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি রয়েছে।

আটক মাদকদ্রব্যের তালিকায় রয়েছে ১১ হাজার ৯১২ বোতল বিদেশি মদ, ৩ হাজার ২৯১ দশমিক ৭৯০ লিটার দেশি মদ, ৩ দশমিক ৯৬৬ কেজি হেরোইন, এক হাজার এক কেজি ৯২ গ্রাম গাঁজা ও ৫৪ হাজার ২২০ পিস ইয়াবা ট্যাবলেট। এ ছাড়া ৬ হাজার ৪১৬ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৫০৬ পিস ফেয়ারডিল, ২ কেজি ২৯০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস, ২ লাখ ৩৮ হাজার ৮০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, এক লাখ ৪৬ হাজার ৩০২ পিস মদ তৈরির ট্যাবলেট, এক লাখ ২৩ হাজার ৮৫৩ বোতল নেশা জাতীয় সিরাপ, ২৩ হাজার ৪১০ পিস নেশা জাতীয় ইনজেকশন এবং ২ লাখ ১৫ হাজার ৩১৬ পিস ভারতীয় বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য এক হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার। এই বিস্তীর্ণ সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রিজিয়নের ইউনিটগুলো সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে।

পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। পাশাপাশি ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন উপলক্ষে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল এবং স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।

অবৈধ পুশইন ঠেকাতে পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ সতর্কতার পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে সচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে।

সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধের পাশাপাশি জ্বালানি ও ভোজ্য তেলের অবৈধ মজুদ এবং কৃত্রিম সংকট তৈরির অপতৎপরতা রোধেও কাজ চলছে। অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, জনস্বার্থ ও সীমান্ত এলাকার স্বাভাবিক পরিবেশ রক্ষায় রংপুর রিজিয়ন সচেষ্ট রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সীমান্তবর্তী মানুষের সহযোগিতা জরুরি উল্লেখ করে বিশেষভাবে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনসচেতনতা তৈরি ও সঠিক তথ্য প্রচারের ওপর গুরুত্বারোপ করেছে বিজিবি।

পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে—এই প্রত্যয়ে সীমান্ত অপরাধমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল সীমান্ত গড়ে তুলতে বিজিবি রংপুর রিজিয়নের প্রতিটি সদস্য নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।