নভেম্বর ১২, ২০২৫, ০৬:৪৫ পিএম
দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। গ্রাহকদের আন্দোলনের মুখে মিটার স্থাপন সাময়িক স্থগিত করার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসাহাক আলী।
সম্প্রতি নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপনে তোড়জোড় শুরু করে। জনগণের আপত্তি থাকা সত্ত্বেও এক প্রকার জোর করেই পোস্ট পেইড মিটার খুলে নিয়ে প্রিপেইড মিটার স্থাপনের অভিযোগ উঠেছে।
এতে ক্ষিপ্ত হয়ে ফুলবাড়ী বাজারের ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টায় পৌর বাজারে বিক্ষোভ সমাবেশ করেন।
ক্ষুব্ধ গ্রাহক সাজ্জাদ, জামিল ও আব্দুল কুদ্দুস অভিযোগ করে বলেন, তাদেরকে না জানিয়ে বা অনুপস্থিতিতেই নেসকো'র লোকজন পূর্বের মিটার খুলে প্রিপেইড মিটার স্থাপন করেছেন। গ্রাহককে না জানিয়ে কীভাবে মিটার প্রতিস্থাপন করতে পারে নেসকো, এ নিয়ে প্রশ্ন তোলেন তারা।সমাবেশ শেষে পদযাত্রা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রতিবাদ জানালে ইউএনও মো. ইসাহাক আলী বিদ্যুৎ কর্তৃপক্ষকে প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম সাময়িক বন্ধ করার নির্দেশ দেন।
বিক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করতে বলা হয়েছে। গ্রাহকদের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।"আন্দোলনরত গ্রাহকরা বলেন, ইউএনও মহোদয় নেসকো কর্তৃপক্ষকে মিটার স্থাপন সাময়িক স্থগিত করতে বলেছেন। এরপরেও যদি নেসকো কর্তৃপক্ষ কথা না শোনে, তবে পরবর্তীতে ফুলবাড়ীর সকল স্তরের মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলনের মধ্যদিয়ে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।
ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন জানান, গ্রাহকদের আন্দোলনের প্রেক্ষিতে ইউএনও সাহেব আপাতত মিটার প্রতিস্থাপন বন্ধ রাখতে বলেছেন। তবে যেসব মিটার ইতিমধ্যে প্রতিস্থাপন হয়েছে, সেগুলো এমনই থাকবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন