নভেম্বর ২৫, ২০২৫, ০৭:০৩ পিএম
সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে সরকারের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুরের বিরামপুরে উপকারভোগীদের মাঝে বø্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করা হয়েছে।
এই প্রকল্পের সুবিধাভোগী হিসেবে ২টি ছাগল পেয়ে খুশিতে মুখ উজ্জ্বল হয়ে ওঠে নাতালিয়া হাসদার। তিনি জানান, পরিবারের আয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ নিরাপত্তায় এটি বড় সহায়ক হবে।
প্রকল্পের আওতায় এদিন মোট ১৮৭টি পরিবারের মাঝে দুটি করে বেঙ্গল জাতের ছাগল, ৫টি করে হেভি ওয়েট ফ্লোর ম্যাট, এবং ২৫ কেজি করে ছাগলের খাদ্য বিতরণ করা হয়। ছাগল গ্রহণের সময় উপকারভোগীদের মধ্যে ছিল আনন্দের ছাপ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপুল কুমার চক্রবর্তী। তিনি প্রকল্পের লক্ষ্য, উপকারিতা, ছাগল পালনের সঠিক পদ্ধতি এবং এর মাধ্যমে কিভাবে একটি পরিবার অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারে—এসব বিষয় তুলে ধরেন।
পরে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। তিনি বলেন, “সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোকে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। আপনারা ছাগলগুলো বিক্রি না করে যত্ন সহকারে পালন করবেন, তাহলেই এই প্রকল্পের আসল সুফল পাওয়া যাবে।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম প্রমুখ।
স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর আশা প্রকাশ করে জানায়, সরকারের এই উদ্যোগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের আর্থিক উন্নয়ন, পশুপালন দক্ষতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে স্বাবলম্বী হতে কার্যকর ভূমিকা রাখবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন