মো: মামুনুর রশিদ
ডিসেম্বর ৬, ২০২৫, ০৪:৫৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বিরল উপজেলার রুদ্রপুরস্থ দীপশিখা প্রশিক্ষণ কেন্দ্রে "ইতিবাচক যুব উন্নয়নে প্রতিবন্ধী যুবদের অর্থবহ অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণ" শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।৬ ডিসেম্বর শনিবার এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
এটি লিলিয়ান ফন্ডসের অর্থায়নে, সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর সার্বিক সহযোগিতায় এবং "দি মিনিংফুল পার্টিসিপেশন অ্যান্ড ইনক্লুশন অফ চিল্ড্রেন অ্যান্ড ইয়ুথস উইথ ডিজএ্যাবিলিটিস ইন অল ডোমেইনস অফ কমিউনিটি বেসড রিহেবিলিটেশন" প্রকল্পের অধীনে আয়োজিত হয়।
প্রতিবন্ধী যুবদের সমন্বয়ে গঠিত সংঘের সদস্যদের জন্য আয়োজিত এই প্রশিক্ষণে ৮ জন ছেলে ও ৭ জন মেয়েসহ মোট ১৫ জন প্রতিবন্ধী যুব অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণটি সঞ্চালন করেন প্রোগ্রাম অফিসার, ওয়ার্ল্ড ভিশনের অন্টিনা দাশ এবং কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মো. নাসিম আলী। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দীপশিখার মো. ফজলুল হক।প্রশিক্ষণটি উদ্বোধন করেন প্রকল্প সমন্বয়কারী, দীপশিখার হিমাংশু দেব দত্ত রায়।প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন - ২০১৩ এবং অ্যাডোলেসেন্ট হেলথ অ্যান্ড ওয়েলবিং বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা প্রদান করা।
প্রশিক্ষণ শেষে যুব সংঘের সদস্যদের হাতে ব্যাগ তুলে দেওয়া হয়, যা তাদের শিক্ষাক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হয়।প্রশিক্ষণার্থী জান্নাতুন ফেরদৌস বলেন, "এই প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের অধিকার, স্বাস্থ্য পরিচর্যা সম্বন্ধে সচেতন হতে পারছি। আশা করি, এই তথ্যগুলো আমরা সমাজের সকল প্রতিবন্ধী মানুষদের উন্নয়নমূলক কাজে অবদান রাখতে পারব।"