ফাহিম হোসেন রিজু
ডিসেম্বর ২৫, ২০২৫, ০৪:৫৬ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের ঘোড়াঘাটে হাড়কাঁপানো শীতে জনজীবন যখন বিপর্যস্ত, তখন রাতের আঁধারে অতন্দ্র প্রহরীর মতো শীতার্ত মানুষের দ্বারে দ্বারে হাজির হচ্ছেন সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে নিজ হাতে গরিব ও অসহায় মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি।
জানা গেছে, কনকনে শীতে শীতবস্ত্রের অভাবে ধুঁকতে থাকা আবিরের পাড়া, মাহালী পাড়া ও শুকানপুকুরসহ বিভিন্ন গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং হতদরিদ্র পরিবারগুলোর খোঁজ নিতেই চেয়ারম্যানের এই ঝটিকা সফর।
সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে চলতি মৌসুমে প্রায় ২ হাজার ২০০টি কম্বল বিতরণের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন তিনি। গত এক সপ্তাহ ধরে ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় এই নীরব সেবা অব্যাহত রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, হাড়কাঁপানো ঠান্ডায় যখন বাড়ির বাইরে বের হওয়া দায়, তখন গভীর রাতে হঠাৎ চেয়ারম্যানকে কম্বল হাতে দোরগোড়ায় দেখে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন। প্রতিবন্ধী ও এতিম পরিবারগুলো এই সহায়তায় যেন শীতের তীব্রতা থেকে বাঁচার নতুন অবলম্বন খুঁজে পেয়েছে।
সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, “আমি প্রচারের জন্য নয়, দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়িয়েছি। শীতের কষ্ট আমি অনুভব করি। যতক্ষণ পর্যন্ত আমার ইউনিয়নের একজন মানুষও শীতে কষ্ট পাবে, ততক্ষণ আমার এই ব্যক্তিগত ও দাপ্তরিক প্রয়াস অব্যাহত থাকবে।”শীতের এই দুঃসময়ে জনপ্রতিনিধির এমন দায়িত্বশীল ও মানবিক আচরণ বর্তমানে ঘোড়াঘাট উপজেলা জুড়ে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।