রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কাহারোলে এলজিইডি’র নারী কর্মীদের মাঝে সঞ্চয়ের চেক বিতরণ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৫, ০৮:৫৭ পিএম

কাহারোলে এলজিইডি’র নারী কর্মীদের মাঝে সঞ্চয়ের চেক বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের কাহারোলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ’ প্রকল্পের আওতায় ৩২ জন নারী কর্মীর মাঝে তাঁদের ৩ বছরের সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই অর্থ তুলে দেওয়া হয়।

উপজেলা প্রকৌশলী ফিরোজ আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে মোট ৪৩ লক্ষ ৯৮ হাজার ৮২৬ টাকার চেক বিতরণ করা হয়।

এলসিএস (LCS) প্রকল্পের আওতায় ৩ বছর মেয়াদী কাজে নিয়োজিত ৩২ জন নারী কর্মীর প্রত্যেকেই তাঁদের সঞ্চয়কৃত সমুদয় অর্থের এই চেক হাতে পেয়েছেন।

চেক বিতরণকালে উপজেলা প্রকৌশলী ফিরোজ আহমেদ বলেন, “এই নারীরা ৩ বছর ধরে গ্রামীণ সড়ক সংস্কারে কঠোর পরিশ্রম করেছেন। তাদের এই জমানো টাকা তাদের পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং সন্তানদের সুশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা প্রকৌশলী কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুদ পারভেজ সুমন, তড়িৎবিদ মো. শামীম আলী, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. জাবির আনাম (চঞ্চল) এবং সহকারী হিসাব রক্ষণ কাজল চন্দ্র রায় প্রমুখ। চেক হাতে পেয়ে নারী কর্মীরা আনন্দ প্রকাশ করেন এবং এই প্রকল্পের মাধ্যমে তাঁদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে বলে জানান।