বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে পোনা মাছ অবমুক্ত করলেন ইউএনও সুমা খাতুন

মো. আরিফ ইসলাম

জানুয়ারি ১, ২০২৬, ০৪:২৫ পিএম

বীরগঞ্জে পোনা মাছ অবমুক্ত করলেন ইউএনও সুমা খাতুন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং সরকারি জলাশয়ের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে এসব পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমা খাতুন।

কর্মসূচিতে উপস্থিত থেকে ইউএনও সুমা খাতুন বলেন,সরকারি পুকুর ও জলাশয়গুলো সঠিক ব্যবস্থাপনার আওতায় আনলে মাছের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

এতে স্থানীয় পর্যায়ে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি সরকারি সম্পদের সর্বোত্তম ব্যবহার সম্ভব হবে। আমরা চাই প্রতিটি জলাশয় কার্যকর ও উৎপাদনমুখী হয়ে উঠুক।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফজলে ইবনে কাওছার আলী জানান, বৈজ্ঞানিক পদ্ধতিতে পোনা অবমুক্ত ও সঠিক পরিচর্যা করা হলে স্বল্প সময়ের মধ্যেই আশাব্যঞ্জক ফলন পাওয়া সম্ভব। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য সরকারি জলাশয়েও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

পোনা মাছ অবমুক্তকরণকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. শাহাজাহান আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জামিল উদ্দিন মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবিব সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।