জানুয়ারি ১, ২০২৬, ০৮:৪৬ পিএম
উত্তরের জনপদ দিনাজপুরে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। বৃহস্পতিবার (১ জানুয়ারি) জেলায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা সারা দেশের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন। তীব্র শীত আর মৃদু শৈত্যপ্রবাহে থমকে গেছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
তিনি বলেন,গত কয়েকদিন ধরেই জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ দুপুর পর্যন্ত আকাশ ঘন কুয়াশায় ঢাকা থাকলেও বিকেলের দিকে কিছুটা রোদের দেখা মিলেছে। তবে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমে আসার সম্ভাবনা রয়েছে।
শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে আসায় ২৪ ঘণ্টাই কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। এই দুর্যোগপূর্ণ সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।
গত বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দিনাজপুর বিজিবি সেক্টর, চেম্বার অব কমার্স এবং বিভিন্ন বেসরকারি ব্যাংকের পক্ষ থেকে জেলার সদর ও উপজেলাগুলোতে ত্রাণ কার্যক্রম চালানো হয়েছে। শীতার্তদের মাঝে বিপুল সংখ্যক কম্বল, সোয়েটার, জ্যাকেট এবং শিশুদের শীতবস্ত্র বিতরণ করা হয়। তবে শীতের প্রকোপ অনুযায়ী এই সহায়তা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন