মো: মামুনুর রশিদ
জানুয়ারি ১৯, ২০২৬, ০২:৪৯ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে ফাউন্ডেশন চত্বরে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ বলেন, “দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারি হয়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
১৯৭৫ পরবর্তী চরম নৈরাজ্যকর পরিস্থিতিতে তিনি জাতিকে আলোর পথ দেখান। বর্তমানে তাঁর সুযোগ্য পুত্র তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবীর, দিনাজপুর জজ কোর্টের জিপি মোল্লা মো. সাখাওয়াত হোসেন, আজীবন সদস্য গোলাম রসুল রকেট, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলায় জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তিনি ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। আলোচনা সভা শেষে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ কেক কেটে জন্মবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।