মো: মামুনুর রশিদ
জানুয়ারি ২৫, ২০২৬, ০২:৫৩ পিএম
দিনাজপুর টিভি
দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন দিনাজপুর ইনস্টিটিউটের আয়োজনে উৎসবমুখর পরিবেশে শেষ হলো ‘কাজী বোরহান স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৬’। শনিবার (২৪ জানুয়ারি) রাতে তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ও রানার্স আপদের ট্রফি প্রদান করা হয়। এর মধ্যে পুরুষ উন্মুক্ত বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাবা ট্রেডার্সের লাল চাঁন ও আরাফাত জুটি।
মহিলা উন্মুক্ত বিভাগে চ্যাম্পিয়ন হন নুরে জান্নাত দিশা ও ওয়াসিস জাহান সাদিয়া জুটি; রানার্স আপ হন সচেতন সংঘের রামিশা ও মনিকা। এছাড়া স্কুল পর্যায়ে বিকেএসপি’র ব্যাডমিন্টন স্টুডেন্ট আহনাফ আলী ও মহিদ খান চ্যাম্পিয়ন এবং অপূর্ব ও রাজ জুটি রানার্স আপ হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), ঢাকার সদস্য (শিক্ষাক্রম) ড. এ.কে.এম মাসুদুল হক।প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদুল হক বলেন, “দিনাজপুরের খেলাধুলার একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে দিনাজপুর ইনস্টিটিউট প্রতি বছর এই টুর্নামেন্টের আয়োজন করে থাকে, যা প্রশংসনীয়। খেলাধুলা সব সময় শান্তি ও সম্প্রীতির বার্তা দেয়।
জাতীয় গঠনে খেলাধুলার যথেষ্ট ভূমিকা রয়েছে, তাই আমাদের সন্তানদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন পরিচালক ডা. মো. আমির আলী এবং বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী কাজী ইসতিয়াক হাসান। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক সুনীল চক্রবর্তী।
খেলা ও অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দিনাজপুর ইনস্টিটিউটের ক্রীড়া সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মো. রায়হানুল ইসলাম। প্রভাষক হারুন-অর-রশিদের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি শামসুল আলম, সহ-সাধারণ সম্পাদক সামসুজ্জামান চৌধুরী বাবু, খন্দকার আরিফুজ্জামান নাঈমসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।