শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার জামায়াত প্রার্থী মতিউর রহমানের

মো আরিফ ইসলাম

জানুয়ারি ২৭, ২০২৬, ০১:৫৭ পিএম

সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার জামায়াত প্রার্থী মতিউর রহমানের

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মো. মতিউর রহমানের এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বীরগঞ্জ উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের পূর্ব ভোগডোমা আশ্রয়ণ এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মো. মতিউর রহমান বলেন, “জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য। সমাজে বিদ্যমান দুর্নীতি, বৈষম্য ও অনিয়ম দূর করে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বৈঠকে উপস্থিত স্থানীয় বাসিন্দারা তাদের এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সুবিধা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এমপি প্রার্থী মতিউর রহমান ধৈর্য সহকারে এলাকাবাসীর কথা শোনেন এবং নির্বাচিত হলে সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের প্রতিশ্রুতি দেন।

উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীর এই জনসংযোগ এলাকায় ব্যাপক কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করেছে।