মোঃমোমিনুল ইসলাম
ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৮:১৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরে প্রথমবারের মতো বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে ব্যতিক্রমধর্মী এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে উত্তরবঙ্গের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুর ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডিআইএসটি)।গত ২রা ফেব্রুয়ারি (রবিবার) অ্যাসেট প্রকল্পের আওতায় ডিআইএসটি ক্যাম্পাসে “পাঁচ দিনব্যাপী সাইন ল্যাঙ্গুয়েজ বেসিক থেকে অ্যাডভান্সড কমিউনিকেশন” শীর্ষক এই ইন-হাউস প্রশিক্ষণটি শুরু হয়।
এতে ৪০ জন শিক্ষক, বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা অংশ নিয়েছেন। এই বিশেষ প্রশিক্ষণটি আগামী ৬ ফেব্রুয়ারি শেষ হবে।প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোঃ মামুনুর ফেরদৌস।
ডিআইএসটি’র প্রতিষ্ঠাতা মাহমুদুর রশিদ বলেন, “সমাজে প্রতিবন্ধীরা পিছিয়ে থাকলেও তাদের মধ্যে অসাধারণ মেধা ও শেখার আগ্রহ রয়েছে। তাদের মেধাকে বিকশিত করার চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি। সঠিক প্রশিক্ষণ ও যোগাযোগ দক্ষতা বা সাইন ল্যাঙ্গুয়েজ তাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম হাসান। প্রশিক্ষণে মূল প্রশিক্ষক হিসেবে রয়েছেন ঢাকার স্পেশাল এডুকেটর আসমা আহমেদ এবং সিএসআইডি-এর অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর আশেক আলী।
বক্তারা বলেন, প্রতিবন্ধীদের জন্য সাইন ল্যাঙ্গুয়েজ শেখা কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং তাদের আত্মবিশ্বাস বাড়াতে এবং সমাজে সমান অধিকার নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।