রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর সদর আসনে এগিয়ে জামায়াত প্রার্থী

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৮:২৩ পিএম

দিনাজপুর সদর আসনে এগিয়ে জামায়াত প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর (দিনাজপুর-৩) আসনে ভোট গণনার শুরুতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার রাতে প্রাপ্ত ২০টি কেন্দ্রের প্রাথমিক ও বেসরকারি ফলাফলে দেখা গেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০টি কেন্দ্রের গণনায় জামায়াত প্রার্থী পেয়েছেন ২৩ হাজার ৪৭ ভোট। অন্যদিকে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ২১ হাজার ৬৭৬ ভোট। এর ফলে দিনাজপুর সদর আসনের প্রাথমিক লড়াইয়ে জামায়াত প্রার্থী ১ হাজার ৩৭১ ভোটে এগিয়ে আছেন। 

সদর উপজেলার মোট ১৩০টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ২০টির ফলাফল পাওয়া গেছে এবং বাকি ১১০টি কেন্দ্রের গণনা এখনো চলছে। দিনাজপুর সদর আসনে এবার মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি মনোনীত সৈয়দ জাহাঙ্গীর আলম এবং জামায়াতে ইসলামীর মো. মাইনুল আলমের মধ্যে। 

যদিও শুরুতে এই আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল, তবে তার অসুস্থতার কারণে বিকল্প প্রার্থী হিসেবে সৈয়দ জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকে সদর উপজেলার কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে এবং বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের লম্বা সারি ছিল চোখে পড়ার মতো। 

জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের কঠোর নজরদারিতে ভোটগ্রহণ শেষে এখন কেন্দ্রগুলোতে নিবিড়ভাবে ব্যালট গণনার কাজ চলছে। প্রতিটি কেন্দ্রের ফলাফল আসার সাথে সাথে শহরজুড়ে উত্তেজনা বাড়ছে এবং প্রার্থীর সমর্থকরা নিয়ন্ত্রণ কক্ষের সামনে ভিড় করছেন। চূড়ান্ত ফলাফল ঘোষণার জন্য আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দিনাজপুরে সেনাবাহিনী ও বিজিবির টহল জোরদার করা হয়েছে।