রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে নার্সিং ও মিডওয়াইফারি কলেজে চাকরি মেলা

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১১:৫৫ পিএম

দিনাজপুরে নার্সিং ও মিডওয়াইফারি কলেজে চাকরি মেলা

নার্সিং কলেজের চাকরি মেলা। ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নার্সিং ও মিডওয়াইফারি কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এক জাঁকজমকপূর্ণ চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এসেট প্রজেক্ট ও বিশ্বব্যাংকের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান।

আয়োজক সূত্রে জানা গেছে, এই চাকরি মেলায় জেলার ১০টি স্বনামধন্য বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান স্টল নিয়ে অংশগ্রহণ করে। নার্সিং ও মিডওয়াইফারি ডিপ্লোমা সম্পন্ন করা শতাধিক চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী মেলায় তাদের জীবনবৃত্তান্ত জমা দেন। 

বিশেষ দিক হিসেবে, মেলা চলাকালীনই কয়েকটি প্রতিষ্ঠান তাৎক্ষণিক মৌখিক পরীক্ষার (ভাইভা) মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করে।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম। 

নার্সিং ও মিডওয়াইফারি কলেজ দিনাজপুরের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ সেলিনা আক্তার বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. গোলাম মোস্তফা এবং ডায়াবেটিস হাসপাতালের সাধারণ সম্পাদক মো. শফিকুল হক ছুটুসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালের পরিচালকবৃন্দ।বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ দিনাজপুর দীর্ঘদিন ধরে দক্ষ ও মেধাবী স্বাস্থ্যকর্মী তৈরি করে আসছে। 

এ ধরনের চাকরি মেলা বেকারত্ব দূর করার পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন স্থানে সফলতার সাথে কাজ করছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নার্সিং ইনস্ট্রাক্টর আরজিনা খাতুন এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাসুদা পারভিন ও রুবিনা আক্তার পারভিনসহ অন্যান্য ইনস্ট্রাক্টরবৃন্দ।