বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বিরলে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের উৎসাহ প্রদান

আতিউর রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৮:২১ পিএম

বিরলে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের উৎসাহ প্রদান

বিরলে পরীক্ষার্থীদের উৎসাহমূলক সভা। ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরলে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অংশগ্রহণে এক বিশেষ উৎসাহমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে উপজেলার ভাটপাড়া ন্যাজরীন মিশন চত্ত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার তালিকাভুক্ত যেসব শিক্ষার্থী আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, মূলত তাদের মনোবল বৃদ্ধি এবং আগাম শুভকামনা জানাতেই এই আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা এবং পরীক্ষার প্রস্তুতি গ্রহণে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, উপযুক্ত পরিবেশে পড়াশোনা এবং সঠিক দিকনির্দেশনা একজন শিক্ষার্থীর সাফল্যের পথ প্রশস্ত করে। বিশেষ করে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত এলাকার শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়াতে বিশেষ সহায়ক হবে। পরীক্ষার ভীতি দূর করে স্বাভাবিকভাবে প্রস্তুতি সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিরল এপি এর ভারপ্রাপ্ত ম্যানেজার এন্টিনা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার প্রদীপ কুমার রায়, সুশান্ত এবং গোলাম সাকলাইন। এছাড়াও চাইল্ড প্রটেকশন অফিসার বিপ্লব ক্লাইমেট মন্ডলসহ সংস্থার অন্যান্য সহকর্মীরা এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। আয়োজকরা মনে করেন, পরীক্ষার আগের এই সময়টুকু শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। তাই তাদের মানসিক চাপ কমিয়ে পড়ালেখায় নতুন করে উৎসাহিত করার লক্ষ্যেই বিরল এপি নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের তালিকাভুক্ত মোট ১০০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই উদ্যোগের প্রশংসা করে এবং জানায় যে পরীক্ষার ঠিক আগমুহূর্তে এমন সমর্থন ও দিকনির্দেশনা তাদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে। শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং পরীক্ষায় ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।