ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৫:২৯ পিএম
শপথ গ্রহণ শেষে নিজ নির্বাচনী এলাকায় ফেরার পথে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। শুক্রবার দুপুরে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
সৈয়দপুর বিমানবন্দরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমকে স্বাগত জানাতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমবেত হন। এসময় প্রিয় নেতাকে কাছে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন তারা। উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুলের তোড়া দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নেতাকর্মীদের এমন স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও উচ্ছ্বাসে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন সংসদ সদস্য। সৈয়দপুর থেকে দিনাজপুর শহরে আসার পথে তিনি বিভিন্ন স্থানে নির্বাচনী এলাকার ভোটার ও সাধারণ জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর প্রেসক্লাবে পৌঁছালে ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি সবসময় সদরের মানুষের পাশে থাকবেন। এলাকার উন্নয়ন, শান্তি ও অগ্রগতির জন্য তিনি নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।
বিশেষ করে দিনাজপুর শহরকে একটি আধুনিক ও পরিকল্পিত মডেল শহর হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন এই সংসদ সদস্য। একই সাথে জননিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, এলাকায় মাদক এবং চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং একটি সন্ত্রাসমুক্ত দিনাজপুর গড়াই তার প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন