ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৮:৪৫ পিএম
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও এর অঙ্গ প্রতিষ্ঠানসমূহের পক্ষ থেকে সরকারের নবনিযুক্ত ৩ জন মন্ত্রীর সাথে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পৃথক পৃথক সাক্ষাতে ফাউন্ডেশনের প্রতিনিধি দল নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং সমাজকল্যাণ ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং নবনিযুক্ত সমাজকল্যাণ ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সাথে সাক্ষাতের সময় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম এবং উত্তরের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হকের সাবেক এপিএস ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির।
প্রতিনিধি দলে আরও অংশ নেন অধ্যাপক ডা. শাহ আলী আকবর আশরাফী, ডা. মো. শফিকুর রহমান তরুণ এবং জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মেজবাহ আলীসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সাক্ষাতকালে নেতৃবৃন্দ স্বাস্থ্য খাতে সরকারের নতুন পদক্ষেপে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং স্থানীয় চিকিৎসাসেবার বর্তমান চিত্র মন্ত্রীদের সামনে তুলে ধরেন।
সাক্ষাতকালে মন্ত্রীগণ জিয়া হার্ট ফাউন্ডেশনের সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি খাতের আন্তরিক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। ডা. এ জেড এম জাহিদ হোসেন তাঁর নির্বাচনী এলাকার পাশাপাশি সারা দেশের দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সৌজন্য সাক্ষাতের এই খবরটি দিনাজপুরের সুধীমহল ও স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন