সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নবাবগঞ্জে মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স

অলিউর রহমান মিরাজ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০২:৪৬ পিএম

নবাবগঞ্জে মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স

আইনশৃঙ্খলা সভায় ইউএনও’র বক্তব্য :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের নবাবগঞ্জে মাদক, জুয়া এবং অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেন। 

তিনি স্পষ্ট জানিয়ে দেন, জনস্বার্থে এসব অপরাধ দমনে প্রশাসন এখন থেকে আরও বেশি কঠোর ভূমিকা পালন করবে এবং কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

বৈঠকে ইউএনও জিল্লুর রহমান বলেন, উপজেলায় সম্প্রতি মাদকের অপতৎপরতা আশঙ্কাজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এটি নিয়ন্ত্রণে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে সচেতনতামূলক কর্মসূচি এবং অভিভাবক সমাবেশের আয়োজন করা হবে। সামাজিক ও রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

একই সঙ্গে যারা মাদক কারবারে বেপরোয়া, তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার ঘোষণা দেন তিনি।অবৈধ বালু উত্তোলন ও জুয়া প্রসঙ্গে তিনি আরও জানান, এই অপরাধগুলোর বিরুদ্ধে উপজেলা প্রশাসন সম্পূর্ণ জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে। ইতিমধ্যে উপজেলায় মাদক সেবন ও বিক্রির দায়ে নিয়মিত মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিদিন কাউকে না কাউকে দণ্ড প্রদান করা হচ্ছে। 

এই অভিযান আগামীতে আরও বড় পরিসরে অব্যাহত থাকবে। পুলিশ প্রশাসনকে এ বিষয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। যেখানেই বালু উত্তোলন, জুয়া বা মাদকের খবর পাওয়া যাবে, সেখানেই তাৎক্ষণিক অভিযান চালিয়ে জরিমানা ও জেল দেওয়া হবে।

আইনশৃঙ্খলা কমিটির এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী এবং নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান। এছাড়াও নির্বাচন অফিস, সমবায়, আনসার ও ভিডিপি, হিসাবরক্ষণ ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধি, কর্মকর্তা ও কর্মচারীরা সভায় অংশ নেন।