ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৩:৫৯ পিএম
বাংলাদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে এবং প্রতিটি নাগরিক মাথা উঁচু করে বাঁচবে বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বুধবার রাতে দিনাজপুর সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের উত্তর গোপালপুর দুর্গা শিব মন্দির প্রাঙ্গণে শ্রী রামকৃষ্ণ দেবের শুভ জন্মতিথি উপলক্ষে আয়োজিত পূজা ও উৎসবে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কারো রক্তচক্ষুকে ভয় না করে নিজেদের নাগরিক অধিকার নিজেদেরই প্রতিষ্ঠিত করতে হবে। সরকার সব মানুষের সমান অধিকারে বিশ্বাসী এবং সেই পরিবেশ বজায় রাখতে প্রশাসন সচেষ্ট রয়েছে।
উত্তর গোপালপুর পূজা কমিটির সভাপতি অজিত অধিকারীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিভাত্মানন্দ মহারাজ। তিনি তাঁর বক্তব্যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আধ্যাত্মিক দর্শনের কথা স্মরণ করে বলেন, মানুষের উচিত সংসারধর্ম পালনের পাশাপাশি স্রষ্টার প্রতি মনোনিবেশ করা।
এতে মনের অস্থিরতা দূর হয়। তিনি জাত-পাতের বিভেদ ভুলে মানবতার ধর্মে নিজেকে উৎসর্গ করার জন্য ভক্তদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দ মহারাজ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজগার আলী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রকল্প পরিচালক জগদীশ চন্দ্র রায় এবং সিনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ আশুতোষ দেবশর্মা।
এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা কমিটির আহবায়ক উত্তম কুমার রায়। আলোচনার পাশাপাশি উৎসবের বিশেষ আকর্ষণ ছিল স্থানীয় মন্দিরের শিশু শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং “দস্যু রত্নাকর” শীর্ষক নাটিকা। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন নিরেন্দ্র নাথ রায় এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিহির কুমার রায়। উৎসবকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন