মার্চ ১, ২০২৬, ১১:২৮ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে ‘ভোরের শিশির বেতার শ্রোতা ক্লাব’-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ১ মার্চ উপজেলার স্থানীয় একটি ভেন্যুতে আয়োজিত এই অনুষ্ঠানে মুসলিম উম্মাহর মাগফেরাত কামনা ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে ক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মো. মতিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও সাংবাদিক ইউসুফ আলী এবং সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ আলী।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক বিপ্লব আরমান।সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ‘ভোরের শিশির বেতার শ্রোতা ক্লাব’-এর সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন মানবিক ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন, যা অত্যন্ত প্রশংসার দাবিদার।
সমাজ ও মানবতার সেবায় এ ধরনের সংগঠনগুলোর আরও বেশি করে এগিয়ে আসা উচিত বলে তারা মন্তব্য করেন। তারা আশা প্রকাশ করেন, সংগঠনটি ভবিষ্যতে তাদের সেবামূলক কার্যক্রম আরও জোরদার করবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করেন আমন্ত্রিত অতিথিরা। পরিশেষে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন