মার্চ ৩, ২০২৬, ০৪:৪৩ পিএম
দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, ইমামরা সমাজের পথপ্রদর্শক এবং একটি সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক সমাজ গড়ে তুলতে তাদের ভূমিকা অপরিসীম। তিনি উল্লেখ করেন যে, একটি আদর্শ সমাজ বিনির্মাণে ইমামদের দায়িত্ব ও গুরুত্বের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষভাবে অনুধাবন করেছেন।
মঙ্গলবার ৩ মার্চ দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনাজপুর ইমাম কল্যাণ সংস্থার আয়োজনে ইমামদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংসদ জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে বলেন, ইসলামকে যেন কেউ ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে, সেই লক্ষ্যে বর্তমান বিএনপি সরকার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মর্যাদা রক্ষায় বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছে।
তিনি স্পষ্টভাবে বলেন যে, বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের সমান নাগরিক অধিকার রয়েছে এবং এই সাম্প্রদায়িক সম্প্রীতি ও অধিকার প্রতিষ্ঠায় ইমামদের সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন। দিনাজপুর সদর উপজেলাকে একটি আদর্শ ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।বক্তব্যের এক পর্যায়ে তিনি অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দিনাজপুরের মাটিতে কোনো চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের স্থান হবে না।
এদের যে কোনো মূল্যে কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ইমাম কল্যাণ সংস্থার সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম এবং সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা মতিউর রহমান কাসেমী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বারের পরিচালক ও সমাজসেবক আলহাজ্ব মোঃ মোস্তফা কামাল মিলন, পৌরসভার সাবেক কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা এবং বিশিষ্ট ব্যবসায়ী শামীম কবির। আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ইমামদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন