রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে গাওসুল আযম চক্ষু হাসপাতালে নারী দিবস পালিত

মো: মামুনুর রশিদ

মার্চ ৮, ২০২৬, ০৩:৫৮ পিএম

দিনাজপুরে গাওসুল আযম চক্ষু হাসপাতালে নারী দিবস পালিত

চক্ষু সেবা দিচ্ছে হাসপাতাল :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গাওসুল আযম বিএনএসবি আই হাসপাতালের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে। দাতা সংস্থা অরবিস ইন্টারন্যাশনালের অর্থায়নে ‘কমপ্রিহেনসিভ ক্যাটারাক্ট সার্ভিসেস প্রজেক্ট’-এর আওতায় রবিবার সকালে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের নারী দিবসের প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার নিশ্চিত হোক নারী ও কন্যার অধিকার’ বিষয়টিকে সামনে রেখে হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো. আতাউর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। সভায় বক্তারা নারী অধিকার, সুরক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। 

বিশেষ করে নারীদের স্বাস্থ্যসেবা ও চোখের যত্নের বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে তারা বলেন, নারীর চোখের যত্ন নিলে তবেই সমাজকে দৃষ্টিহীনতা থেকে মুক্ত রাখা সম্ভব। তারা আরও উল্লেখ করেন যে, শরীরের প্রতিটি অঙ্গকে সুস্থ রাখার অধিকার একটি মানবাধিকার, যা নিশ্চিত করা সবার দায়িত্ব।

অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. শফিকুল হক ছুটু, সাংগঠনিক সম্পাদক ডা. জনাব আলী, কোষাধ্যক্ষ সুজা-উর-রব চৌধুরী এবং নির্বাহী সদস্য আফতাব উদ্দিন মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা প্রশাসক মো. সাজেদুর রহমান।

দিবসটি উপলক্ষে কেবল আলোচনা সভাই নয়, দিনাজপুর সদর উপজেলার আদিবাসীপাড়ায় দিনব্যাপী একটি বিশেষ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পে অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে চক্ষু সেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। নারীর অধিকার ও স্বাস্থ্য সুরক্ষায় হাসপাতালের এমন মানবিক উদ্যোগ স্থানীয় পর্যায়ে বেশ প্রশংসিত হয়েছে।