মার্চ ৮, ২০২৬, ১০:২৯ পিএম
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। রবিবার (০৮ মার্চ) বিকেলে বিরল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে কারিগরি ও মাঠ পর্যায়ে সহযোগিতা প্রদান করে ওয়ার্ল্ড ভিশন, বিরল এপি, জেএসকেএস, সোসাইটি ফর উদ্যোগ, সিডিএ, পল্লীশ্রী এবং ব্র্যাক।
বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীদের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা কেবল আইনি বিষয় নয়, এটি একটি উন্নত সমাজ গঠনের প্রধান শর্ত।
বর্তমান সরকার নারীদের আত্মনির্ভরশীল করতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে যার সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছাতে হবে।বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিমরান মোহাম্মদ সায়েক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার, উপজেলা হিসাব রক্ষণ অফিসার সামিউন বাসিরা এবং উপজেলা দারিদ্র্য বিমোচন অফিসার মাহফুজা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রুনা পারভীন।
কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক শাহানাজ মুনিরা চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তারা নারী ও কন্যা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে নারী ও কন্যাদের অধিকার সুরক্ষা ও বৈষম্য নিরসনে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে র্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন