বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর বাণিজ্য মেলা ২০২৬-এর ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন

মো: মামুনুর রশিদ

মার্চ ৯, ২০২৬, ০২:০২ পিএম

দিনাজপুর বাণিজ্য মেলা ২০২৬-এর ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন

ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন জেলা প্রশাসক :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঐতিহ্যবাহী বড় মাঠে আসন্ন ‘দিনাজপুর বাণিজ্য মেলা–২০২৬’-এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত রবিবার (৮ মার্চ) রাতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মেলার নির্মাণকাজের উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম। দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবারও এই মেলার আয়োজন করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন, এডিসি (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান এবং দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু বকর ছিদ্দীক। 

বক্তারা বলেন, এই মেলা কেবল একটি বাণিজ্যিক আয়োজন নয়, বরং দিনাজপুরের মানুষের মিলনমেলা ও বিনোদনের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে। মেলা সফল করতে এখন থেকেই জোরদার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

মেলার ইজারাদার ও চেম্বার নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উদযাপনের পরপরই বাণিজ্য মেলা পুরোদমে শুরু হবে। সবকিছু অনুকূলে থাকলে এবং আবহাওয়া সপক্ষে থাকলে আগামী ২৯ এপ্রিল (বুধবার) মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এবারও মেলায় দেশি-বিদেশি বিভিন্ন নামী-দামী প্রতিষ্ঠানের স্টল, কুটির শিল্প প্রদর্শনী, শিশুদের জন্য আধুনিক রাইডস ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল, মেলা কমিটির আহ্বায়ক রাহবার কবীর পিয়াল, পরিচালক শহিদুর রহমান পাটোয়ারি মোহন, মনজুর মোর্শেদ সুমন, শামিম কবির অপু এবং মেলার ইজারাদার মনতাজুর রহমান মনতাসহ অন্যান্য সদস্যবৃন্দ। ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে বড় মাঠে মেলা তৈরির কাজ শুরু হওয়ায় শহরজুড়ে এক উৎসবমুখর আবহ তৈরি হয়েছে।