মার্চ ১৯, ২০২৬, ০৮:৩৪ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রেরণা সমাজ কল্যাণ সংস্থা’। বৃহস্পতিবার সকালে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় ৪০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ আনন্দ যেন কেবল নির্দিষ্ট শ্রেণির মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেই লক্ষ্যেই প্রান্তিক পর্যায়ের দরিদ্র, এতিম ও বিধবাদের এই সহায়তার আওতায় আনা হয়েছে।
বিতরণকৃত প্রতিটি ঈদ প্যাকেজে ছিল পোলাওয়ের চাল, সেমাই, চিনি, মুড়ি, সাবান ও গুঁড়া দুধসহ উন্নত মানের খাদ্যসামগ্রী। প্রেরণা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাল্টাপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. শরিফুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তরুণ প্রজন্মের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি তাদের নিজেদের হাতখরচের টাকা বাঁচিয়ে যেভাবে প্রান্তিক মানুষের সেবায় এগিয়ে এসেছে, তা অত্যন্ত প্রশংসনীয় এবং সমাজের অন্যদের জন্য অনুপ্রেরণাদায়ক।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মো. নজরুল ইসলাম, মো. মাহফুজ ইসলাম, তৌফিক আহম্মেদ, সুজন ইসলাম ও নিশাত ইসলাম। বক্তারা উল্লেখ করেন, উৎসবের প্রকৃত সার্থকতা ভ্রাতৃত্ব এবং ত্যাগের মধ্যে নিহিত।
নিজেদের উৎসবের আমেজে অন্যদের শামিল করা একটি মানবিক কর্তব্য। সভাপতির বক্তব্যে মো. ওমর ফারুক বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের ভালোবাসা ও সহমর্মিতার শিক্ষা দেয়। সেই শিক্ষার আলোকেই তাদের এই ক্ষুদ্র উদ্যোগ। ঈদ উপলক্ষে এলাকার দরিদ্র মানুষের মুখে সামান্য হাসি ফোটাতে পেরে তারা আনন্দিত। অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন