এপ্রিল ৪, ২০২৬, ১১:১২ পিএম
“লিঙ্গীয় বৈষম্য দূর করি, সমতাপূর্ণ সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার ৪ এপ্রিল বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিবসটি উদ্যাপন করা হয়।
বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদানের মাধ্যমে সংগঠনটির দীর্ঘ পথচলাকে স্মরণ করা হয়।দুপুর আড়াইটায় শহরের মুন্সিপাড়াস্থ মহিলা পরিষদের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে দিনাজপুর প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কানিজ রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ১৯৭০ থেকে ২০২৬ পর্যন্ত বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘ ৫৬ বছরে পদার্পণ করেছে। এটি একটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং নারী আন্দোলনমুখী সংগঠন। পশ্চিম পাকিস্তানের পরাধীনতার শৃঙ্খল থেকে দেশমুক্তির সন্ধিক্ষণে এই সংগঠনের জন্ম হয়েছিল। প্রতিষ্ঠালগ্ন থেকেই জেলবন্দিদের মুক্তির জন্য কাজ করা এবং একাত্তরের মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে দায়িত্ব পালন করা ছিল এই সংগঠনের অন্যতম গৌরবোজ্জ্বল অধ্যায়।
দিনাজপুর মহিলা পরিষদের সহ-সভাপতি মাহবুবা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক রুবিনা আক্তার। তিনি বলেন, বর্তমানে নারীরা অনেক ক্ষেত্রে সাফল্য অর্জন করলেও সমাজে এখনও নারী বিদ্বেষী মানসিকতা ও বৈষম্য প্রবলভাবে বিদ্যমান। এই সাংগঠনিক চিন্তাভাবনাকে ধারণ করে তরুণ প্রজন্মকে সাথে নিয়ে নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মহিলা পরিষদের সহ-সাধারণ সম্পাদক রুবি আফরোজ। এতে স্বরচিত লেখা পাঠ করেন সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম, উদীচী সভাপতি জলিল আহমেদ ও রবিউল আউয়াল খোকা।
এছাড়াও উপস্থিত ছিলেন সনাক দিনাজপুরের সভাপতি অধ্যক্ষ হাবিবুল ইসলাম, দৈনিক উত্তর বাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান, জেলা ভেটেরিনারি অফিসার ড. আশিকা আকবর তৃষা এবং দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন অর্চনা অধিকারী, রাজিয়া সুলতানা পলি, উপহার রায় ও কৃতি রায়। কবিতা আবৃত্তি করেন রুবি আফরোজ এবং সমাজকল্যাণ সম্পাদক ডাঃ খাদিজা নাহিদ ইভা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখার জন্য সফল তরুণী অনামিকা পান্ডে এবং নতুন কুঁড়ি-২০২৫ প্রতিযোগিতায় সাফল্যের জন্য কৃতি রায়কে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সমাপনী বক্তব্যে সংগঠনের ঘোষণাসমূহ পাঠ করেন রুবি আফরোজ। সভায় জেলা মহিলা পরিষদের বিভিন্ন স্তরের নেত্রীবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন